ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে এম সাখাওয়াত হোসেন

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। এদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের জন্ম বরিশালে, ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি। ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং দেশ স্বাধীন হওয়ার পর প্রায় দুই বছর পাকিস্তানের বন্দিশিবিরে কাটিয়ে ১৯৭৩ সালে দেশে ফেরেন। ১৯৭৫ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ৪৬ ব্রিগেডে স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সাখাওয়াত হোসেন ১৯৭৯-৮১ সালে ঢাকায় সেনাসদরে অপারেশন ডিরেক্টরেট হিসেবে নিয়োজিত হন। পরে তিনি ব্রিগেডের অধিনায়ক হিসেবে দুটি ইনফেনট্রি ব্রিগেড ও একটি আর্টিলারি ব্রিগেডের অধিনায়ক ছিলেন। তিনি বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে প্রথম এবং দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ইউএসএ কমান্ড অ্যান্ড স্টাফ জেনারেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন করেন।

এছাড়া পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স এডিসি ইসলামাবাদ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স এবং ২০১১ সালে ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে আছেন প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ সদস্য। গতকাল বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা। তবে ঢাকার বাইরে থাকায় সেদিন তিনজন উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেননি।

ads
ads
ads

Our Facebook Page

↑